আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 12:30 am || প্রকাশের তারিখ: May 4, 2020, 10:42 pm
দেশে ফেরার দাবীতে রামপালে কর্মরত ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ
বাগেরহাট সংবাদদাতা।। নিরাপত্তারক্ষীদের অনুরোধ অমান্য করে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা দেশে ফেরাসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন।

৪ মে, সোমবার দুপুর ১২টার দিকে কয়েকশ ভারতীয় শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় চলে আসেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিলে তারা বিক্ষোভ করেন।

ভারতীয়দের মধ্যে অনেকে হেঁটে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড়ে এসে পৌঁছান। বিষয়টি জানতে পেরে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পৌঁছান।

ভারতী শ্রমিকরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমতো পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমতো খাবারও পাচ্ছি না। আমরা যেকোনো মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার কমান্ডার লিয়াকত হোসেন বলেন, ‘কিছু শ্রমিক বাইরে বের হয়েছিল। এখন সবকিছু ঠিক আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এখানে এসেছেন। আশা করি, একটা সুষ্ঠু সমাধান হবে।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, ‘দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে যাওয়ার দাবিতে কিছু শ্রমিক বাইরে বের হয়ে অবস্থান নিয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছি।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম