আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ৭, ২০২০, ৪:০৪ অপরাহ্ণ
আশুলিয়ায় ম্যাজিষ্ট্রেটের উপর হামলা: মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার রাজস্ব সার্কেলের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপর হামলা ঘটনায় চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন- আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মৃত মজুল মাদবরে পুত্র আবু তালেব বাবু, আলি মাদবরের পুত্র আলামিন মাদবর, সাভারের দক্ষিনপাড়ার মৃত হরিদাস সাহার পুত্র বিপ্লব সাহাসহ অজ্ঞাতনাম স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়া বাজার এলাকায় অস্থায়ী হাট-বাজার পরিদর্শনে গেলে হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মামলার এজাহারে বাদী জানান, বুধবার সকাল সাড়ে নয়টার সময় সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া রাজস্ব সার্কেল তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ আশুলিয়া হাটবাজারের পরিস্থিতি পর্যবেক্ষনে যান। তারা বাজার পর্যবেক্ষনকালে সাদা টি শার্ট ও প্যান্ট পরিহিত এক ব্যক্তির নাম ঠিকানা জানতে চাইলে ঐ ব্যক্তির সাথে থাকা আরেক ব্যক্তি তাদের উপর চড়াও হন। এক পর্যায়ে ঐ দুই ব্যক্তি অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ লোক ডেকে তাদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে পুলিশ সহায়তায় তারা সেখান থেকে চলে আসেন।

আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান, নিয়মিত হাট-বাজার পর্যবেক্ষন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর রুটিন কাজের অংশ। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আশুলিয়া হাটবাজার পরিদর্শনে গেলে এজাহারে উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাদের উপর হামলা চালায়।

আশুলিয়া থানার (ওসি) শেখ রিজাউল হক দিপু আমাদেরবাংলাদেশ.কমকে জানান, ম্যাজিষ্ট্রেটের উপর হামলা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওতিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম