প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: May 7, 2020, 4:53 pm
লালমনিরহাট সংবাদদাতা।। আদিতমারী উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের ওমর কাজী মাদরাসা সংলগ্ন এলাকায় গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহার করা পাইপ ভেঙ্গে দিয়ে ৪টি মেশিনে আগুন ধরিয়ে দেন। এসময় নদী খননের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।
ওই দিন দুপুরে মোবাইল কোর্ট বসিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ মনসুর উদ্দিন।
সাইফুল ইসলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কেদার বাজার গ্রামের মোবারক আলী মোল্লার ছেলে।
এদিকে ওই দিন দুপুরেই ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন ছুটে যান উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী সলেডি স্পার -১ এলাকায়। সেখানে অবৈধভাবে মেশিন দিয়ে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করায় একটি মেশিন জব্দ করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় বালু উত্তোলন করা পাইপও ধ্বংস করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে জেল হাজতে পাঠানো হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার উপজেলার ২টি স্পটে অভিযান চালিয়ে ৫টি মেশিন ধ্বংস করা হয়। এসময় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন মোবাইল কোর্ট।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন মোবাইল কোর্টের বিষয়ে এ প্রতিনিধির সাথে কোন কথা বলতে রাজি হননি।
(আমাদেরবাংলাদেশ/সুলতান/রিফাত)