আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 5:36 pm || প্রকাশের তারিখ: May 8, 2020, 10:39 pm
আদিতমারীতে করোনা শনাক্ত ৮ ব্যক্তির বাড়ি লকডাউন
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হওয়া রোগীদের বাড়িগুলো পুলিশ বিভাগের সহায়তায় লকডাউন করে দিয়েছেন উপজেলা প্রশাসন।


শুক্রবার (৮ মে) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বাড়ীগুলো লকডাউন করে লাল পতাকা টানানো হয়েছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  করোনা শনাক্ত রোগিরা আরোগ্য লাভ করার পূর্ব পর্যন্ত নিজ বাড়িতেই অবস্থান করার আহবান জানানো হয়েছে। এছাড়াও বাড়িতে অবস্থানকালীন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন বলেও জানানো হয় ।


এদিকে আদিতমারী উপজেলা হাসপাতালের দুজন কর্মচারী আক্রান্ত হওয়ায় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর জানান, পর্যায়ক্রমে রোগীদের বাড়ির নিকটাত্মীয় এবং তাদের সংস্পর্শে আসা অন্যান্য সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সাথে লকডাউনে থাকা বাড়িগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে খাদ্যসহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। তিনি আরো জানান, দুর্যোগ পরিস্থিতিতে সকলকে একই সাথে সতর্ক থাকার পাশাপাশি আরও মানবিক আচরণ করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের নিয়ে বিরুপ মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকতে হবে।


নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য অধিকতর সতর্কতা অবলম্বন করে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিবিড়ভাবে মেনে চলতে অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।


এসময় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগের পাশাপাশি আদিতমারী স্বাস্থ্য বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম