আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: July 20, 2019, 11:35 am
দেশে ফিরলে প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের বাংলাদেশ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি নারী প্রিয়া সাহা যে তথ্য দিয়েছেন, তা ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।




প্রিয়া সাহার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না এবং করেও না। কারণটা হলো, আমাদের এটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের ফলে আমরা অর্জন করেছি, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।

তিনি আরও বলেন, যে মহিলাটি বলছেন, এই মহিলাটি তো কোনও দিন আমাদের কাছে দুঃখের কথা বলেননি। আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ দৃষ্টিতে থাকে, যাতে কোন রকম সংখ্যালঘুরা কোনও জায়গায় অত্যাচারিত না হয়। এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

‘এইটা নিশ্চয়ই কোন চক্রান্ত কিংবা উদ্দেশ্যমূলকভাবে এই মহিলাটি বলেছেন, আমি বিশ্বাস করি।’

প্রিয়া সাহার প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে এখনও বলবো, এই ধরনের কোন ঘটনা যদি ঘটে থাকে তাহলে যেন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা এ ধরনের কোন ঘটনার সত্যতা এখন পর্যন্ত খুঁজে পাইনি।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিপীড়িত গোষ্ঠীর প্রতিনিধির কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শোনার এক অনুষ্ঠানে বাংলাদেশের নারী প্রিয়া সাহা ‘সংখ্যালঘুদের’ নিয়ে একটি অভিযোগ করেছেন। গত ১৬ জুলাইয়ের ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে এবং দেশে থাকতে পারছে না, ‘৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম হয়ে গেছে’। তার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম