আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: May 9, 2020, 10:54 pm
করোনায় প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন।

শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয় ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনা ভাইরাস (কভিড-১৯) পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৯ মে ২০২০ খ্রি.) সন্ধ্যা ৭.১০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জনাব জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম