প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: মে ১০, ২০২০, ২:২৫ অপরাহ্ণ
মহসিন আজাদ।। করোনা ছাড়া অন্যরোগে আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন রোগী ও তার স্বজনের অনেকেই। একাধিক হাসপাতাল ঘুরে রোগী যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন এমন ঘটনাও ঘটছে। অন্য অসুখে কোনো রোগী মারা গেলে মরদেহ নিতে গিয়েও স্বজনেরা পড়ছেন ভোগান্তিতে। এমন সংকটকালে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের মানবিক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।
কিডনি জটিলতায় অসুস্থ ছিলেন অতিরিক্ত সচিব গৌতম আইচ। করোনা সংকটের এই সময়ে একের পর এক হাসপাতাল ঘুরে চিকিৎসা নিশ্চিত করতে পারেনি চিকিৎসক মেয়ে সুম্মিতা আইচ। বিষয়টি গণমাধ্যমে এলে তা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
করোনার উপসর্গ না থাকলেও, চিকিৎসক মেয়ে কোনো হাসপাতাল কর্তৃপক্ষকেই বোঝাতে পারেননি তারা বাবা করোনাভাইরাসে আক্রান্ত নন। অবশেষে অনেক কষ্টে ভর্তি করানো হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
এমন অনেকেই আপনজন হারিয়ে চিকিৎসা ব্যবস্থার অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যেমে।
বিভিন্ন হাসপাতালে গিয়েও দেখা গেল চিকিৎসা না পাওয়ার অভিযোগ। কেউ চিকিৎসা পেলেও ডাক্তার করোনা টেস্ট করাতে বলায়, তা কীভাবে কোথায় করাবে, তা নিয়ে পড়েছেন দুঃচিন্তায়। অসুস্থতা নিয়ে অনেকেই ঢাকার বাইরে থেকে এসে পড়েছেন বিড়ম্বনায়।অনেকের স্বজন মারা যাওয়ায় করোনা সন্দেহে হাসপাতাল থেকে মরদেহ নিতে গিয়েও পড়তে হচ্ছে ভোগান্তিতে।
এমন পরিস্থিতিতে রোগীদের স্বজনদের সাথে কথা বলে যথাযথ চিকিৎসা দেয়ার পরামর্শ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আব্দুল্লাহর। সংকটময় এমন পরিস্থিতিতে সবাইকে মানবিক হওয়ার আহবানও এই চিকিৎসকের।