আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:34 am || প্রকাশের তারিখ: May 18, 2020, 1:58 pm
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
ঢাকা।। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক পুলিশ সদস্য। এসআই মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার পুলিশ সদর দফতরের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপ মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পজিটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম