প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:52 pm || প্রকাশের তারিখ: May 26, 2020, 8:16 pm
বরগুনা সংবাদদাতা।। বরগুনার তালতলীতে অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়েছে করোনা আক্রান্ত রোগী। পরে ওই ব্যক্তিকে তার শশুরবাড়ি থেকে উদ্ধার করে বাড়িটি লকডাউন করে দিয়েছে প্রশাসন। সোমবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে তালতলী উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে একটি ভাড়া বাসায় থেকে কাজ করতেন ওই ব্যক্তি। করোনা উপসর্গ থাকায় পরীক্ষা করায় সে। পরীক্ষায় তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দেয়।
এরপর অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ি বরিশালের উজিরপুর গেলে স্থানীয়রা তাকে বাড়িতে উঠতে দেয়নি। সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বরগুনায় শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হয় সে। রাস্তায় স্থানীয়রা তাকে থামিয়ে হাসপাতালে যেতে বলে। একপর্যায়ে স্থানীয়দের তোপের মুখে অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় সে।
তালতলী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় করোনা রোগী এসেছে এ খবরে স্থানীয় লোকজন মালিপাড়া-ফকিরহাট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ এসে আক্রান্ত ওই ব্যক্তিকে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে। সতর্কতার জন্য বাড়িটি লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে।