আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 22, 2026, 3:52 pm || প্রকাশের তারিখ: May 27, 2020, 1:31 pm
চোলাই মদ পানে মৃত্যু ৪
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দিনাজপুরের বিরামপুরে চোলাই মদপানে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়। এছাড়া আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের শান্তিনগর মহল্লার মো. আনোর ছেলে আব্দুল মতিন, মাহমুদপুর মহল্লার মো. তোজাম শাহর ছেলে আজিজুল ইসলাম, সুলতানের ছেলে মহসীন আলী এবং ইসলামপাড়া মহল্লার তাপস রায়ের ছেলে অমৃত।

স্থানীয়রা জানায়, মাহমুদপুরে গভীর রাত পর্যন্ত চোলাই মদের আসরে বসেছিল। সেখানে মদ খেয়ে পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ওই ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ হওয়ায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মাহমুদপুর আদিবাসী পাড়ার মণ্ডল মুরমু দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের ম্যানেজ করে প্রকাশ্যে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। সেখানে দিনরাত বিরামপুরসহ আশপাশের উপজেলার মাদকসেবীরা এসে প্রকাশ্যে চোলাই মদ খান।

মদপানে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ইউএনও মো. তৌহিদুর রহমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম