আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: June 11, 2020, 8:11 pm
অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ৬৫ হাজার ৭৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য এটি এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ। গত বছর শিক্ষা খাতের বাজেট ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা।

এবারের বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখে শিক্ষা খাতের বিভিন্ন পরিকল্পনা সাজানো হয়েছে এবং সে লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সমন্বয় করে শিক্ষা খাতে সম্পদ সঞ্চালনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতে আগামী অর্থবছরেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৩টা ১৮ মিনিটে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট। করোনা থেকে মুক্তি এবং মানুষের জীবন মানে স্বস্তি ফেরাতে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সাধারণত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে শিক্ষা খাতকে বিবেচনা করা হয়। এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা হয়েছে ২৪ হাজার ৩৪০ কোটি টাকা। যা গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অনুকূলে পরিচালনা ও উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। যা গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বরাদ্দ ৮ হাজার ৩৩৪ কোটি টাকা। যা গত ২০১৯-২০ অর্থবছরে ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশলের অংশ হিসেবে গত মার্চের মাঝামাঝি সময় হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘােষণা করা হয়। এতে করে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটিকালীন সময়ে টেলিভিশন ও অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রম চালু করা হয়।

শিক্ষা খাতে আমাদের আগামী অর্থবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে এ দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিয়ে পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা। এ কাজের জন্য আগামী বছরের বাজেটে আমরা প্রয়ােজনীয় সম্পদের যােগান রাখছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম