প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 12:29 am || প্রকাশের তারিখ: June 18, 2020, 8:32 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মনোবল না হারানোর আহ্বান জানিয়ে বলেছেন, করোনার ভাইরাস থেকে দেশ এবং বিশ্ব একদিন মুক্তি পাবেই; এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ জয়ী হবেই।
আজ বৃহস্পতিবার(১৮ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে নৌবহরে সংযোজিত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিংয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী এবং দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন অদৃশ্য শক্তি করোনাভাইরাসের কারণে স্থবিরতা নেমে আসে। তবে এ অবস্থায় দেশবাসীর মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান সরকার প্রধান।
তিনি বলেন, যুদ্ধ নয়, বিশ্বশান্তি বজায় রাখতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে সাহসিকতার সাথে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করবে নৌবাহিনী, এমন প্রত্যাশার কথাও বলেন প্রধানমন্ত্রী।