প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 1:10 am || প্রকাশের তারিখ: June 19, 2020, 10:42 pm
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দবনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে একটি মাথাসহ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় হরিণের মাংস ও মাথা উদ্ধার করে বনরক্ষীরা।
বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা সিপিজি ও টাইগার টিমের সদস্যদের সহযোগীতায় সোনাতলা গ্রামে অভিযান চালায়।
এসময় হাবিব হাওলাদারের বাড়ির পাশ থেকে একটি বস্তা ভর্তি হরিণের মাংস ও মাথাটি উদ্ধার করে তারা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মাংস ও মাথা ভোলা টহল ফাঁড়ির বনে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।