প্রিন্ট এর তারিখ: November 7, 2026, 10:40 pm || প্রকাশের তারিখ: August 2, 2019, 12:43 pm
‘মোশাররফ ভাই যেদিন থাকবেন না, সেদিন বুঝবো উনি কী ছিলেন!’
আমাদেরবাংলাদেশ ডেস্ক: শামীম হাসান সরকার এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা। ইউটিউব এবং ছোটপর্দার দর্শকের কাছে তিনি বেশ পরিচিত মুখ। মাত্র চার বছরের ক্যারিয়ারে শামীম নানামাত্রিক চরিত্রে ভর করে জায়গা করে নিয়েছেন দর্শক মনে। অভিনয়ের শুরু থেকেই তার ইচ্ছে ছিল মোশাররফ করিমের সঙ্গে কাজ করবেন। শামীম হাসান সরকারের সেই ইচ্ছে এবার পূরণ হলো।
অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে, মুরসালিন শুভ’র গল্প ও পরিচালনায় ‘রাজন দ্য কিং’ নামের একটি ঈদ নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করলেন মোশাররফ করিম এবং শামীম হাসান সরকার। টঙ্গীর গোপালপুর এলাকার একটি গিঞ্জি বস্তিতে এ নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। যেখানে সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে পেয়ে শামীম জানালেন তার উচ্ছ্বাসের কথা।
চ্যানেল আই অনলাইনকে শামীম হাসান সরকার বললেন, মোশাররফ ভাই আমার প্রিয় অভিনেতা। অপেক্ষা করছিলাম কবে তার সঙ্গে কবে স্ক্রিন শেয়ার করবো। ফাইনালি সেটা সম্পন্ন হয়েছে। কাজের আগে ঠিক করেছিলাম ভাইয়ের সঙ্গে যতগুলো দৃশ্যে আমি থাকবো বারবার টেক নেব না। মজার ব্যাপার হচ্ছে, মোস্ট অব দ্য সিকোয়েন্স আমরা এক টেকেই শেষ করেছি।
”ভাইয়া খুবই সহযোগিতা পরায়ণ। উনি বুঝিয়ে দেন কি করলে অভিনয় বেরিয়ে আসবে। ক্লোজ শট নেওয়ার সময় পাশেই দাঁড়িয়ে থাকেন যেন কাজটা ঠিকভাবে হয়। কাজের ফাঁকে বুঝেছি মোশাররফ ভাইয়ার কাছে আমার অভিনয় ঠিকঠাক লেগেছে। মনে হয়েছে, সামনে আমাদের আরও কাজ হবে। সবমিলিয়ে তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। এটা ভুলবো না।”
শামীম আরও বলেন, অনেকেই মোশাররফ ভাইকে ‘কমেডি অভিনেতা’ বলে থাকে। কিন্তু সিরিয়াস অভিনয়ের ক্ষেত্রে তিনি একেবারে জাত অভিনেতা। তার অভিনয় দক্ষতায় আমরা সঠিকভাবে মূল্যায়ণ দিতে পারছি কিনা জানি না, কিন্তু উনি যেদিন থাকবেন না সেদিন সবাই বুঝবে মোশাররফ করিম আমাদের কী ছিলেন! তাই সময় থাকতেই তাকে সঠিক সম্মান দেওয়া উচিত।
শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম নিজেই শামীমকে কিছু পরামর্শ দিয়েছেন। এই অভিনেতাকে নিয়ে শামীম বলেন, অভিনয় করার পাশাপাশি তিনি যেন নতুন নতুন কাজ তৈরি করেন। শামীমের ভাষ্য, উনি বিশ্বাস রেখেছেন আমি পারবো। যারা আইডল হন তাদের কাছ থেকে ছোট ছোট বাক্যে উপদেশ পাওয়া অনেক দামি জিনিস। আমিও মোশাররফ ভাইয়ের কাছ থেকে পেয়েছি।
‘রাজন দ্য কিং’ নাটক এবং শামীম হাসান সরকারের অভিনয় দুটোই সন্তুষ্ট করেছে মোশাররফ করিমকে। শুটিং চলাকালীন চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শামীমের সঙ্গে আমার প্রথম কাজ হলো। সে খুব পরিশ্রমী একইসঙ্গে ভালো অভিনয় করে। তার চোখেমুখে আমি অভিনয়ের ক্ষুধা দেখেছি। তার সংলাপ বলার ধরনটাই আলাদা। ব্যবহার মার্জিত। সবকিছু মিলিয়ে আমাকে মুগ্ধ করেছে শামীম।
নাটক প্রসঙ্গে ছোটপর্দার শীর্ষস্থানীয় জনপ্রিয় এই অভিনেতা বলেন, শহুরে বস্তি এলাকার একটি অপরাধ জগতের থ্রিলার গল্প নিয়ে ‘রাজন দ্য কিং’ নাটক নির্মিত হয়েছে। ইদানিং কাজের মধ্যে আমি তৃপ্তি কম পাই। এই কাজটি আমাকে তৃপ্তি এনে দিয়েছে। চিত্রনাট্যের মধ্যেও প্যাঁচগোজ খুঁজে পেয়েছি। এককথায় ‘রাজন দ্য কিং’ নিয়ে আমি সন্তুষ্ট।
মোশাররফ করিম, শামীম হাসান সরকার ছাড়াও ‘রাজন দ্য কিং’ নাটকে অভিনয় করেছেন অর্ষা। নির্মাতা সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। এরপর আসবে কোনো ইউটিউব প্লাটফর্মে।