আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 4:50 am || প্রকাশের তারিখ: July 25, 2020, 11:38 pm
৩০ ঘন্টা পর ভেসে উঠলো নিখোঁজ ডুবুরির লাশ
রিপন হোসেন সাজু নওয়াপাড়া থেকে ফিরে।।
নওয়াপাড়ায় নিখোঁজ হওয়া ডুবুরি নাঈমের (২৬) লাশ ৩০ ঘন্টা পর ভেসে উঠেছে ভৈরব নদে। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের তারানা ঘাট ও এলবি টাওয়ার সংলগ্ন একটি জাহাজের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

শুক্রবার দুপুরে তারানা ঘাট ও এলবি টাওয়ার সংলগ্ন ভৈরব নদীতে তলিয়ে যাওয়া একটি পিলার উঠাতে গিয়ে নিখোঁজ হয় নাঈম। খুলনা জেলার রুপসা থানার মিল্কি দেয়াড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে নাঈম খুলনা সালভেস নামক কোম্পানীর রাজ্জাক ডুবুরী দলের একজন সদস্য ছিলেন। নিহতের পরিবার জানায়, শুক্রবার দুপুরে নাঈম ভৈরব নদে নিখোঁজ হওয়ার পর নওয়াপাড়া ও খুলনা সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা অভিযান চালিয়ে রাত ৮ টার সময় অভিযান শেষ করে।

 

শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে দুইটি ট্রলার নামিয়ে পূনরায় অভিযান শুরু করা হয়। দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় ডুবে যাওয়া স্থান সংলগ্ন নোঙ্গর করা একটি জাহাজের পাশে লাশ ভেসে উঠে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

এ ব্যাপারে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, নাঈম নামে এক ডুবুরি নিখোঁজের ঘটনায় শুক্রবার একটি জিডি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ডুবে যাওয়া স্থানের একশত গজ পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, প্রায় ছয় মাস পূর্বে তারানা ঘাটে জাহাজ বাঁধার একটি পিলার নদীর মধ্যে তলিয়ে যায়। জাহাজ চলাচলে সমস্যা হওয়ায় সেই পিলার উদ্ধার করতে খুলনার রাজ্জাক ডুবুরী দলকে ভাড়া করা হয়। শুক্রবার দুপুরে ওই দলের চারজন সদস্য পিলার উঠাতে নদীতে নামে। পরে তিনজন উঠে আসলেও নাঈমের কোন সন্ধান পাওয়া যায় না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম