আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ২৮, ২০২০, ১০:৩১ পূর্বাহ্ণ
আজ থেকে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম, চালু থাকবে শুক্রবারও
ঢাকা।। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাং‌কের শাখায় বিশেষ ব্যবস্থায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে ঈদের আগের দিন শুক্রবার হা‌টসংলগ্ন ব্যাং‌কের শাখা খোলা রাখতে বলা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শ দেয়া হয়েছে। যাতে ব্যবসায়ী‌রা সহজে লেনদেন করতে পারেন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জা‌রি করে বা‌ণি‌জ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পা‌ঠিয়েছে।

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ সময় বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়ে থাকে। সেজন্য হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

সার্কুলারে আরো বলা হয়েছে, কোরবানির পশুর হাটগুলোর কাছেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক-শাখা ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা নিতে পারেন। পাশাপাশি পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বথু খোলা হলে পশু ব্যবসায়ীরা বুথে অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের কাছাকাছি শাখা নির্বাচন করে উক্ত শাখায় বিশেষ ব্যবস্থায় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ের ব্যাংকিং (বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত) কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। এছাড়া ঈদের জন্য ঘোষিত ছুটির প্রথম দিন অর্থাৎ ৩১ জুলাই ওই শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম