প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 6:54 pm || প্রকাশের তারিখ: July 29, 2020, 12:56 am
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মণিরামপুরে বস্তাবন্দি ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে হেলাঞ্চি বান্দাখাল সংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার দুইজন হলেন হেলাঞ্চি গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে তবিবুর রহমান তবি (৪৯) ও দীঘিরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন (৩৭)। তবিবুর রহমান খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। সম্প্রতি সে মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।
অভিযানে থাকা মণিরামপুর থানার এএসআই আব্দুর রহমান জানান, দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভরে ফেনসিডিল এনে হেলাঞ্চি বান্দাখাল এলাকায় বিক্রির উদ্দেশে অবস্থান করছিল তবি ও শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান ১৭৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।