আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: August 20, 2020, 11:42 am
‘হুট করে ট্রান্সফার ফি ছাড়া বার্সেলোনা ছাড়বে না মেসি’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি ২০২১ সালের শেষ পর্যন্ত। এ মেয়াদ শেষ হলেই নাকি আর্জেন্টিনা তারকা ফরোয়ার্ড কাতালানদের সঙ্গে সম্পর্ক শেষ করবেন। এমন খবরই আসছে বিভিন্ন সময়ে গণমাধ্যমে। তবে এ ব্যাপারে একমত নন রিভালদো। বিশ্বকাপজয়ী সাবেক এ ব্রাজিল তারকা মনে করেন, হুট করে ট্রান্সফার ফি ছাড়া বার্সেলোনা ছাড়বে না মেসি।

এ মৌসুমে কোন শিরোপায় জিততে পারেনি বার্সেলোনা। যে কারণে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন মাত্রা পায়, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর। তবে সবসময়ের মতো আবারও ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ বলেন, আর্জেন্টাইন তারকা ন্যু-ক্যাম্পেই থাকছেন।

বর্তমান পরিস্থিতিতে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন রিভালদো। মঙ্গলবার নিজের কলামে এমন মন্তব্য করেছেন তিনি, ‘৮-২ গোলে হারের পর মনের মধ্যে বিভিন্ন চিন্তা আসাটা স্বাভাবিক। মেসিও হয়তো মুহূর্তের জন্য চিন্তা করেছে, বার্সা ছাড়ার সময় হয়েছে। তবে ভালোমতো না ভেবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নেবে না। আর এই গুঞ্জন পরিষ্কারভাবেই ক্লাবকে আরও কিছুটা অস্থির করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত, ওই হারের পর সে খুব কষ্ট পেয়েছিল। তবে এতদিন ক্লাব তার জন্য যা করেছে, এজন্য সে অনেক কৃতজ্ঞ। আর তার জীবন তো এই শহরেই বাঁধা। সে যখন ফুটবল ছাড়ার কথা ভাববে, তখনও সে বার্সেলোনাতেই থাকবে।’

বোর্ডের সঙ্গে আলোচনা না করে হুট করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত মেসি কখনোই নেবে না বলে মনে করেন রিভালদো, ‘আমি মনে করি না, বোর্ডের সঙ্গে কথা না বলে সে এমন সিদ্ধান্ত নেবে। সম্পর্কটা অনেক বছরের, উভয় পক্ষকেই যা অনেক কিছু দিয়েছে। ট্রান্সফার ফি ছাড়া মেসি ক্লাব ছাড়বে না। বছরের পর বছর সে যা করেছে এবং তার ব্যক্তিত্বকে মাথায় রেখে আমি এই কথা বলছি।’

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম