আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২১, ২০২০, ৪:০১ অপরাহ্ণ
সৈকতে বেরিয়ে এলো সাবমেরিন ক্যাবল
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুয়াকাটা সৈকতে মাটির নিচ থেকে বেরিয়ে পড়েছে সমুদ্র থেকে উঠে আসা দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল। এতে যেকোন সম‌য় ইন্টারনেট সং‌যোগে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে। সৈকতের জিরো পয়েন্টের পূর্বদিকে বেরিয়ে আসা এ ক্যাবল যেকোন অসাবধনতায় ক্ষতি সাধিত হলে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সকল ধরনের সার্ভিস।

ধারণা করা হচ্ছে, গত দুই‌দিন ধরে বঙ্গোপসাগরের ঢেউ আর তীব্র স্রোতে কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় হয়েছে। আর এতে বালুর নিচ থেকে উপরে উঠে এসেছে কলাপাড়ার লতাচাপলীর মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট ক্যাবল।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে। বর্তমানে সার্বক্ষণিক নজরদারির জন্য সেখানে নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ, গত ৯ আগস্ট কুয়াকাটা পৌর ‌মেয়রের ভাই বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার লাইন কেটে ফেলে। এতে তাৎক্ষ‌নিকভাবে সারা দেশে ইন্টারনেটের গতি কমে যায়। প্রায় ১২ ঘন্টা পর লাইন‌টির সংযোগ পুন‌রায় স্থাপন করা হয়। ওই ঘটনায় রাষ্ট্রের প্রায় শত‌ কো‌টি এবং সং‌শ্লিষ্ট কোম্পা‌নির প্রায় ৭/৮ লাখ টাকার আ‌র্থিক ক্ষতি হয়। পরে হোসেন মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম