আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 5:43 pm || প্রকাশের তারিখ: September 21, 2020, 8:44 pm
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: তিতাসের চার কর্মকর্তাসহ ৮ জনের জামিন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারির জামিন দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাসের আট কর্মকর্তা-কর্মচারির জামিন দিয়েছে আদালত। এর আগে, দুই দিনের রিমান্ড শেষে সোমবার সকালে আট কর্মকর্তা-কর্মচারিকে আদালতে হাজির করা হয়। পরে, বিকেলে শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন, তিতাস ট্টান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপ- ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও মানিক মিয়া, প্রকৌশলী ইসমাইল প্রধান, সাহায্যকারী হানিফ মিয়া, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী এবং সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী।

মসজিদের বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার দায়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। পরে ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য সিআইডি তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে, চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম