আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 5:31 am || প্রকাশের তারিখ: September 30, 2020, 5:10 pm
নাটোরে ভেজাল গুড় তৈরি দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপকরণ দ্বারা ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের কারাদণ্ড ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে দুই ব্যবসায়ীর একজনকে ১ লক্ষ টাকা জরিমানা এবং অপরজনকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া এবং একই গ্রামের মৃত জানবক্সের ছেলে কাবিল হোসন। এরমধ্যে ভুট্টু মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা ও কাবিল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।

আজ বুধবার সকালে সিপিসি-২, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় জব্দ করা হয় ৮ হাজার কেজি ভেজাল গুড়সহ গুড় তৈরির উপকরণ ৭ কেজি চুন, ২ কেজি হাইড্রোজ, ২ লিটার ক্ষতিকারক রং, ৩ কেজি ডালডা, ২ কেজি বাটার, ১০০ কেজি চিনি ও ছয়শটি গুড় তৈরির মাটির বাটি।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ধংস করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম