প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:23 pm || প্রকাশের তারিখ: November 23, 2020, 8:23 pm
আজিজুল ইসলাম,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিনশত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহর এবং সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার জেলা শহরে ও বিভিন্ন উপজেলায় ২৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় অর্ধ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.শিরিন আলম