প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 8:11 pm || প্রকাশের তারিখ: December 24, 2020, 12:16 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল বুধবার বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে করে ২০৫ জন যাত্রী বাংলাদেশ অভিমুখে যাত্রা করেন। ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এবং সিলেটে ১ ঘণ্টা বিরতির পরে বাকি যাত্রীদের নিয়ে দুপুর ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনো বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
তিনি আরও জানান, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে।
তবে যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসবেন, তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সরকার এখনি বন্ধ করছে না বলেও জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, গত সাতদিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ জন যাত্রীকে ইতোমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি বড় অংশ কোভিড সার্টিফিকেট ছাড়াই আসেন এবং এর কারণ যে পরীক্ষার জন্য সেখানে ২৫০ পাউন্ড খরচ করতে হয়।