আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
অপহরণের পর উদ্ধার হলেন স্বেচ্ছাসেবক, আটক হলো রোহিঙ্গা নেতা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অপহরণের আট ঘণ্টা পর কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে তাকে উদ্ধার করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এই অপহরণে জাড়িতের অভিযোগে এক রোহিঙ্গা নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।

গ্রেপ্তার মোহাম্মদ তাহের (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১ এর বাসিন্দা আবুল বাশারের ছেলে। তিনি ক্যাম্পটির হেড মাঝি ( রোহিঙ্গা কমিউনিটি নেতা ) হিসেবে দায়িত্বে রয়েছেন।

এর আগে বুধবার বিকালে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মোহাম্মদ হোসেনকে অপহরণ করা হয় বলে জানিয়েছিলেন তিনি।

তিনি জানান, উখিয়ায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মোহাম্মদ হোসেনকে অজ্ঞাতপরিচয় রোহিঙ্গা অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা হোসেনের স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।

হেমায়েতুর বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে বুধবার মধ্যরাত ১টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ডি-৪ ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়। এতে জড়িত অভিযোগে ক্যাম্পটির হেড মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

হোসেন উখিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম