আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: March 13, 2021, 8:55 pm
একই বিছানায় শুয়ে,পুড়ে মারা গেলো স্বামী,জানেন না স্ত্রী!
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। সাভারে সিগারেটের আগুনে পুড়ে শরিফুল মোল্ল্যা (৩২) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া নগরচর এলাকার আতোয়ার মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শরিফুল মোল্ল্যা রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে। তিনি রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে পোশাক কারখানা ছুটি হলে বাসায় ফেরেন ওই পোশাক শ্রমিক ও তার স্ত্রী। পরে রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান।

একপর্যায়ে ভোররাতে শরিফুলের দেহটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখে চিৎকার করেন তার স্ত্রী। এসময় স্থানীয়রা এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শরিফুলের স্ত্রী সূর্য খাতুন অক্ষত রয়েছেন।

নিহতের স্ত্রী সূর্য খাতুন জানান, শরিফুল অতিরিক্ত ধুমপান করতেন। রাতের আধারে কোনো একসময় সিগারেটের আগুন থেকে তার শরীরে আগুন লেগে তিনি মারা যান। তবে আগুন লেগে স্বামী মারা গেলেও বাঁচানোর চেষ্টা করেছেন কি-না এমন প্রশ্নের উত্তর দিতে পারেন নি তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘রাতে কোনো একসময় তাদের ঘরে আগুন লেগে যায়। এই ঘটনায় শরিফুল মারা যায়’।

তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী অক্ষত থাকলেও স্বামী কিভাবে আগুনে পুড়ে মারা গেলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন’।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম