আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 7:24 pm || প্রকাশের তারিখ: March 16, 2021, 7:40 pm
সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
ঢাকা।। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ ঘিরে ৫ দেশের রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা নিবেদনের জন্য সার্বিক নিরাপত্তাসহ বাহারি ফুলের বর্ণিল চাদরে ঢেকেছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল ধরনের ব্যবস্থা নিশ্চিত করেছে গণপূর্ত বিভাগ।

আগামীকাল ১৭ মার্চ (বুধবার) মালদ্বীপের রাষ্ট্রপতির আগমনের মধ্যে দিয়ে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে। পর্যায়ক্রমে ১৯ মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ২৪ মার্চ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান বলেন, স্বাধীনতা দিবস ও মুজিববর্ষ ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ৫ দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আসবেন। তাদের জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সৌধ প্রাঙ্গণ ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে।

সকল দিক বিবেচনা রেখে সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতির কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে এ আয়োজনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২৬ মার্চ দুপুরের পর থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ। তাদের জন্যও স্যানিটাইজিং এবং ডিসইনফেকশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় কয়েকটি বুথের মাধ্যমে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম