প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 2:48 pm || প্রকাশের তারিখ: September 28, 2019, 12:57 pm
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার: ধামরাইয়ে ডাকাতির সময় বাধা দেয়ায় ডাকাতদের হামলায় রমজান মিয়া নামের নবম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী খুন হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধামরাইয়ের জালসা এলাকার সাইদ মিয়ার বাড়িতে এই ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এসময় সাইদ মিয়ার প্রতিবেশী শাজাহান ও জালাল মিয়ার বাড়িতেও ডাকাতরা হানা দিয়ে মালামাল লুট করে নেয় বলে জানা যায়। ঘটনার পর ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত স্কুল ছাত্রের চাচা আজিজুল মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে ৮-১০ জনের একটি ডাকাত দল সাইদ মিয়ার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে।
এসময় গৃহকর্তা সাইদ মিয়ার ছেলে রমজান মিয়া ডাকাত সদস্যদের বাধা দিতে চাইলে ডাকাত সদস্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।