প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 4:08 pm || প্রকাশের তারিখ: March 31, 2021, 12:08 am
তানভীর শিকদার ( রিমন)।। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত হয়েছে।
আজ মঙ্গলবার(৩০ মার্চ) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানে এই মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, প্রায় ২ লাখ বর্গফুট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনীতে ৯ হাজার ৪০৮ জন মানুষ অংশ নিয়েছে।
১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে ১৬ বর্গফুটের ৯ হাজার ৪০৮টি প্রিন্ট করা পিভিসি সিট প্রদর্শনের মাধ্যমে মুজিব শতবর্ষ, বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে। এই লোগোতে বরিশাল সিটি করপোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম যুক্ত ছিল।
ড্রোনের সাহায্যে মানব লোগোর ভিডিও ফুটেজ ধারণ করে সিটি করপোরেশনের বিভিন্ন এলইডি স্ক্রিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করেছে সিটি করপোরেশন।
বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করে। লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।