প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 1:29 pm || প্রকাশের তারিখ: April 17, 2021, 9:58 pm
নিজস্ব প্রতিবেদক।। যশোরে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল, এক জোড়া হ্যান্ডক্যাপ ও ছয়টি বিশেষ পদ্ধতিতে তৈরি করা মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার যশোর ও ফরিদপুরে অভিযানে তাদের আটক করা হয়। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের জব্বার আলীর ছেলে ইয়ার আলী (৩২), যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় এলাকার আমিন হোসেনের ছেলে তহিদুল ইসলাম (৩১), ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের সলেমানের ছেলে নাজমুল ইসলাম (২১), ফরিদপুর জেলা সদরের মৃগা দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ওরফে সজল মোল্লা (২৭), কৃষ্ণনগর গ্রামের আবদুল খালেক খানের ছেলে জাকির হোসেন (৩১), বাহাদুরপুর গ্রামের আবদুল হাকিম মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৪০)।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম আমাদেরবাংলাদেশ ডট কমকে জানান, শুক্রবার কোতয়ালি থানার হামিদপুর এলাকা থেকে এজাহারনামী পলাতক আসামি তহিদুল ইসলাম ও ইয়ার আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের ভাড়া বাসা থেকে পুলিশের মনোগ্রাম সম্বলিত এক জোড়া হ্যান্ডকাপ, ছয়টি মাস্টার চাবি ও দুটো মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি তহিদুল ও ইয়ার আলীকে নিয়ে অভিযান পরিচালনা করে যশোরের শার্শা ও ঝিকরগাছা থানা এলাকা থেকে চোর চক্রের সদস্য নাজমুলকে গ্রেফতার ও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।