আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ২:১২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২১, ১১:৫২ অপরাহ্ণ
কাল শুরু রাজধানীর হাটে পশু কেনাবেচা
ঢাকা।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে আগামীকাল থেকে পশু কেনাবেচা শুরু হবে। এসব পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত কেনাবেচা চলবে। এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী স্থায়ী পশুর হাটসহ ৮টি এবং দক্ষিণ সিটি এলাকায় ১০টিসহ ঢাকায় মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসছে। এর বাইরে উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হয়েছে। এছাড়া উত্তর সিটি এবারও ডিজিটাল পশুর হাট চালু রেখেছে। নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে বলে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন।

উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনার জন্য ইজারাদারদের বলা হয়েছে। আমরাও ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। পশুর হাটগুলো মনিটরিং করার জন্য ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটিতে ১২ জন কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির ২ জন ভেটেরিনারি কর্মকর্তা রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম