আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 8:52 pm || প্রকাশের তারিখ: October 3, 2019, 11:38 am
সাভারে আব্দুল মজিদ হত্যাকান্ডের ভাড়াটিয়া খুনী অস্ত্রসহ গ্রেপ্তার
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভার থেকে : চাঞ্চল্যকর সাভার পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে ভাড়াটে খুনি মানিক মাইনউদ্দিন (৩০) গুলি করে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মানিকের তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে পুলিশ।

গ্রেপ্তার মানিক গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার বালিকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে বর্তমানে সাভারের সবুজবাগে বসবাস করে আসছিলো। আটক মানিক ১৯৯৮ সালে ডাকাতি ও অস্ত্র মামলায় ১৪ বছর জেল হাজতে ছিলো বলে জানা গেছে।এর আগে গত বুধবার রাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মানিককে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- আজরোজা বেগম (মিকাইলের স্ত্রী), আলম ও মোক্তার। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল মজিদকে খুন করার পরিকল্পনা করা হয়। এই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী মিকাইল এখনো পলাতক রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী মানিককে ভাড়া করা হয় এবং সে ঘটনার রাতে আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয় আরো একজন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম