প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 3:33 am || প্রকাশের তারিখ: August 11, 2021, 7:16 pm
শার্শা প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
বুধবার দুপুরে মহাসড়কের বেনেয়ালীতে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছা থেকে গদখালী যাওয়ার পথে মোটরসাইকেলের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মোঃ জীবন (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
এসময় মোটরসাইকেলের অন্য দুই আরোহী মোঃ নয়ন (২০) ও তৌহিদ হোসেনকে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। নয়ন মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং তৌহিদ একই এলাকার হাসান মিয়ার ছেলে।