আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৩, ২০২১, ১১:০৬ অপরাহ্ণ
করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত
আমাদের বাংলাদেশ ডেস্ক।।২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জনে।

এ ছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৭৩৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩৬ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫ হাজার ৭১৭ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে দাঁড়ালো। আজ সোমবার (২৩ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৯০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৮২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৩.৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ।

২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১১৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৬৪ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৫ হাজার ২৮২ জনের মধ্যে ১৬ হাজার ৫৯০ জন পুরুষ এবং ৮ হাজার ৮০৯ জন নারী।এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯ জন, সিলেট বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।এর আগে, গতকাল রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয় এবং ৪ হাজার ৮০৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৫৭৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৪৭ হাজার ৪৫০ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৮৭০ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম