আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৭, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ
করোনার ভ্যাকসিন তৈরি করে আমরা বিদেশেও রপ্তানি করব: স্বাস্থ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবী জুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

নতুন খবর হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে করোনার ভ্যাকসিন তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রপ্তানি করা হবে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কথা দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার ভ্যাকসিন তৈরি করতে যা যা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব ধরনের সাপোর্ট আমাদেরকে দেবে। আর এতে বাংলাদেশ ভ্যাকসিন তৈরির পর বিদেশেও রপ্তানি করতে পারব।

আমরা একদিনে ভ্যাকসিনের ৮০ লাখ ডোজ দিয়েছি। যা পৃথিবীর অনেক দেশ এখনো দিতে পারেনি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সামনে বিজয় দিবস, এ উপলক্ষে ৮০ লাখেরও বেশি মানুষকে একদিনে ভ্যাকসিন দিতে পারবো বলে আশা রাখি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন করোনার ভ্যাকসিনের জন্য। তিনি বলেছেন, যত টাকাই লাগুক দেশের প্রতিটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যাতে করে সারাদেশের মানুষ সুরক্ষিত থাকতে পারে। ভ্যাকসিন নিলে করোনায় আক্রান্ত হলেও অন্তত মৃত্যু ঘটে না।

তিনি বলেন, টিকাদানে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে। আমরা প্রায় সাড়ে তিন কোটি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দিয়েছি। আর দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি প্রায় দুই কোটি মানুষকে। করোনা এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, এটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম