আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২১, ৩:২২ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে বিকল্প জ্বালানি নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্যের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিকল্প জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড তারিক আহমেদ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে তারা জলবায়ু, বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেন।

ব্রিটিশ মন্ত্রী সবুজ জ্বালানির ওপর গুরুত্বারোপ করে বলেন, নেপাল ও ভুটানের জলবিদ্যুৎসহ এ অঞ্চলে সবুজ জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক গ্রিড প্রতিষ্ঠার মাধ্যমে জলবিদ্যুৎ বিতরণ করা যেতে পারে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার এ ব্যাপারে কাজ করছে বলে উল্লেখ করেন।

তারিক আহমেদ সোলার এনার্জির ওপর গুরুত্বারোপ করলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ৬ দশমিক ৫ বিলিয়ন সোলার সংযোগ দিয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ মন্ত্রী বলেন, যুক্তরাজ্য চায় রোহিঙ্গারা বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফিরে যাক।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি রোহিঙ্গারা ক্যাম্পে গোলযোগের জন্য তাদের লোকদের দায়ী করেছে।

এসময় শেখ হাসিনা ব্রিটিশ মন্ত্রীকে বলেন, কিছু রোহিঙ্গাকে একটি দ্বীপে স্থানান্তর করা হয়েছে। দেশে ফিরে যাওয়ার পর তাদের যাতে বোঝা হিসেবে গণ্য না করা হয়, সেজন্য তার সরকার রোহিঙ্গাদের কাজ, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে।

এসময় বাংলাদেশের সরকারপ্রধান রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার ব্যাপারে ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম