আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:04 am || প্রকাশের তারিখ: November 29, 2021, 8:47 pm
‘চালকদের ফাঁকিবাজি বন্ধে ময়লার গাড়িতে ক্যামেরা বসানো হবে’
ঢাকা।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ১৬৫টি ময়লার গাড়িতে চালকের আসন বরাবর ক্যামেরা বসানো হবে। তিনি বলেছেন, ক্যামেরা বসানো হলে কাজে ফাঁকি এবং অন্য কাউকে দিয়ে গাড়ি চালানোর প্রবণতা কমবে। চালকদের মধ্যে শৃঙ্খলা আসবে।

আজ সোমবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল খাত নিয়ে কারিগরি অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

বর্তমানে ডিএনসিসির ১৬৫টি ময়লার গাড়ি রয়েছে। এগুলোতে ৬২ জন স্থায়ী চালক রয়েছেন। ২০ জন দৈনিক মজুরিভিত্তিতে চালক। বাকি চালকরা বহিরাগত। তাদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই। এমন চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় একজন সংবাদকর্মী মারা যান। এই চালক ডিএনসিসির নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন না।

ডিএনসিসির ময়লার গাড়ি এভাবে আর কতদিন চলবে? এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ময়লার গাড়ি চালকদের এ সমস্যা শুধু আজকের নয়। এটা যুগের পর যুগ চলে আসছে। আমাদের এখন সময় এসেছে চালকদের প্রশিক্ষণ দেয়ার। বিআরটিসির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা আামাদের ২৫ জন করে চালককে প্রশিক্ষণ দেবে। এছাড়া আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে সব চালককে ডেকেছি। তাদের ভালোভাবে গাড়ি চালানোর জন্য বলা হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমাদের চালক সংকট রয়েছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে চালক নিয়োগ করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম