আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 12:08 pm || প্রকাশের তারিখ: December 23, 2021, 3:02 pm
জামালপুরে সেই মেয়রের বিরুদ্ধে মাদক আইনে মামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মেরে বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে মাদক আইনে মামলা করবে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরার ‘হোটেল ডি মেরিডিয়ান’থেকে যাকে আটক করেছিল এলিট ফোর্সটি। রাজধানীর উত্তরা পূর্ব থানায় র‌্যাব বাদী হয়ে মামলাটি করবে বলে ফোর্সটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর শাহনেওয়াজকে র‌্যাব কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তার ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হবে র‌্যাবের পক্ষ থেকে।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে বাধে বিপত্তি। সিরিয়ালে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নাম পাঁচ নম্বরে থাকায় অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চড় মারেন মেয়র। পরে লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানান এবং থানায় মামলা করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে পৌর মেয়রকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। সর্বশেষ মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়। লাঞ্ছিতের ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যেই শাহনেওয়াজ গতরাতে ঢাকার হোটেল ডি মেরি ডিয়ানের ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হোটেলটি ঘিরে রাখে র‌্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকাসহ তাকে আটক করে এলিট ফোর্সটি।

এছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়ার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম