আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ২০, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে সংঘর্ষ,আহত ১০
স্টাফ রিপোর্টার সাভার।। আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের হামলায় আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আরিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

উক্ত বিষয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লথিং কারখানা থেকে আজ সকালে ঝুটের মালামাল বের করা হচ্ছিল। এমতাঅবস্থায় স্থানীয় আমিন মাতবর,সবুজ,রাজু,আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন লোক, ঝুট ব্যবসায়ী কাইয়ুম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার পুলিশ।




আহত ঝুট ব্যবসায়ী মো. কাইয়ুম খান বলেন,আমি ২০১৯ সাল থেকে এই কারখানায় লিখিত চুক্তির মাধ্যমে ঝুট ব্যবসা করে আসছি। ছয় মাস আগে স্থানীয় আমিন মাতবর ও তার লোকজন জোর করে ঝুট নামাতে চায়। থানায় অভিযোগ দিতে গেলে তারা আর ঝামেলা করবে না বলে জানায়। কিন্তু এত দিন পর আজ হঠাৎ করে তারা ১৫-২০ জন হামলায় চালায়।'

উক্ত বিষয়ে আমিন মাতবর বলেন,এর আগে আমি এই কারখানায় মৌখিকভাবে ঝুট ব্যবসা করেছি। পরে কাইয়ুম, সবুজসহ চারজনকে ব্যবসা ছেড়ে দিই। কিন্তু কাইয়ুম ব্যবসার শুরুতে তাদের ভাগ দিলেও কয়েক সপ্তাহ পরে সে একাই ব্যবসা চালিয়ে যায়, কাউকে কোনো ভাগ দেয় না।

উক্ত বিষায়ে আগামীকাল সোমবার থানায় সমাধানের কথা থাকলেও আজকে কাইয়ুম ও তার লোকজন ঝুট নামাতে শুরু করে। এতে বাধা দিতে গেলে এই ঘটনার ঘটে। এ সময় আমার ভাতিজাসহ চার-পাঁচজন আহত হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছে। যদিও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জেনেছি কাইয়ুম নামের এক ব্যক্তি কারখানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঝুট ব্যবসা করে আসছিলেন। ব্যবসা দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।


আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম