প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 3:56 am || প্রকাশের তারিখ: April 10, 2022, 10:43 am
এবিএম জাহাঙ্গীর আলম (স্বপন)।। সাভারে মোটরসাইকেলের পেছনের সিট থেকে ছিটকে পড়ে পেছনে অজ্ঞাত গাড়ির চাপায় সুমাইয়া খানম ঊষা (২২) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় তার স্বামী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের গলফ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক কিংবা পরিবহনটি শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত সুমাইয়া খানম ঊষা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ইশারত হোসেনের মেয়ে। তবে তার স্বামীর পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে পুলিশ জানায়,সন্ধ্যার পর মোটর সাইকেল যোগে স্বামী-স্ত্রী সাভারের দিক থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা সাভার গল্ফ ক্লাবের সামনে পৌঁছলে গতিরোধকের ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে পরে যান ঊষা। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক বা বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উক্ত বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন, নিহতের বাবা প্রবাসী। পরিবারের অন্য সদস্যরা খবর পেয়ে থানা এসেছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক অজ্ঞাতনামা পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু