প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:09 pm || প্রকাশের তারিখ: November 30, 2023, 9:27 pm
কঞ্জন কান্তি ঝালকাঠি জেলা প্রতিনিধি।। ঝালকাঠি-১ আসন (রাজাপুর-কাঠালিয়ায়) নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ।
বৃহস্পতিবার (৩০ নভেম্ব) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো।
এদিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।
এর আগে বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর বীর উত্তম। গত ৪ঠা নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশ দাতা হিসেবে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এবিডি.কম/সিয়াম