প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 6:42 pm || প্রকাশের তারিখ: December 10, 2023, 4:26 pm
ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে শীতকালীন সবজির দাম কিছু চড়া থাকলেও দ্বিগুণ দাম বেড়েছে পেঁয়াজের।
চলতি বছরের ৮ ই ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজের রপ্তানি বন্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর পেয়ে সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীরা ১ রাতের ব্যবধানে আগে থেকে মজুত করা পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বাড়িয়ে প্রতি কেজি দেশি পুরাতন পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা ও নতুন দেশি পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকা এবং আমদানি করা পেঁয়াজের মানভেদে ১৮০ থেকে ১৯০ টাকা বিক্রি করা হচ্ছে।
গতকাল শনিবার রাত ৮:০০ টায় কেশবপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজের দাম এমন অস্থিতিশীলতা হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ক্রেতারা। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং না করার কারণে দোকানিরা ইচ্ছেমত পেঁয়াজের দাম নিচ্ছে। বর্তমান বাজারের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব হবে না।
১ রাতের ব্যবধানে পেঁয়াজের এমন দামবৃদ্ধির বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোন সুফল পাওয়া যায়নি। সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরার আলমগীর মোড়ল বলেন, বাজারে পেঁয়াজ কিনতে এসে দাম সাধ্যের মধ্যে না থাকায় অসামার্থ হয়ে বিপাকে পড়েছি। কেশবপুর বাজারের ব্যবসায়ী ইস্রাফিল বানিজ্য ভান্ডারের প্রোঃ মোঃ ইব্রাহিম মোড়ল বলেন, পাইকারী বাজারের আড়ৎ থেকে চড়াদামে কিনেছি তাই বিক্রিও করছি চড়াদামে।