আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:28 am || প্রকাশের তারিখ: December 13, 2023, 12:24 am
সাভারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
অমিত সূএধর উপজেলা প্রতিনিধি।।সাভারে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান।

ক্যাম্পেইন উদ্বোধন শেষে গণমাধ্যমকে ঢাকা জেলার সিভিল সার্জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দু'বার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, এই ক্যাম্পেইনের দ্বারা ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ ' ক্যাপসুল খাওয়ানো হবে। সাভার উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ২৯০টি কেন্দ্র থাকবে। এছাড়াও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি এবং সিএমএইচ সাভারে ১টি কেন্দ্র থাকবে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার এস. এম. রাসেল ইসলাম নূর প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম