আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:41 pm || প্রকাশের তারিখ: September 28, 2024, 5:11 pm
সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে
নিজস্ব  প্রতিবেদক: সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম নামের একজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দেন আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে, যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।
এরপর গত ২২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ওইদিন শুনানির সময় কারাগার থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম