প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 4:00 am || প্রকাশের তারিখ: October 22, 2019, 12:06 pm
শহিদুল ইসলাম সাগর সাভার: আশুলিয়ায় নিজ কক্ষের জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার হাকিম মাদবরের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা আক্তার (১২) মাগুড়া জেলার মোহাম্মদপুর থানার বেথুরি গ্রামের মৃত সাহেব মোল্লার মেয়ে। সে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় তার খালা সাজেদা বেগমের পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত মুসলিমা নামে ওই কিশোরী ছোটবেলা থেকেই তার গার্মেন্টকর্মী খালা ও তার পরিবারের সাথে আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকত।
প্রতিদিনের মত আজ সকালে তার খালাসহ খালু গার্মেন্টে ও খালাতো বোন স্কুলে গেলে সে বাসায় একাই ছিল। পরে দুপুরে তার খালাতো বোন স্কুল থেকে এসে মুসলিমার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পায়। এসময় অনেক ডাকাডাকির পরও সারা না দেওয়ায় সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে নিজ কক্ষের জানালার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মুসলিমার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে মুসলিমা নামে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। একই সাথে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।