প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 5:43 pm || প্রকাশের তারিখ: February 9, 2026, 12:39 am
নিজস্ব প্রতিবেদক।। ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সাভারের হেমায়েতপুর আর্মি ক্যাম্পের (৮ বীর) একটি দল এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় ৮ বীর-এর একটি টহল দল নিয়মিত টহল দিচ্ছিল। এসময় মাদক বিক্রির সন্দেহে এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রেতারা পালিয়ে যেতে সক্ষম হলেও মূল বিক্রেতাকে আটক করতে সক্ষম হন সেনাসদস্যরা।
আটককৃত ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে নিম্নলিখিত আলামতসমূহ জব্দ করা হয়: ইয়াবা ট্যাবলেট: ৩০ পিস। গাঁজা: ২৫০ গ্রাম। নগদ অর্থ: ২,৫৭,৬২২/- (দুই লক্ষ সাতান্ন হাজার ছয়শত বাইশ) টাকা। ধারণা করা হচ্ছে, এই অর্থ মাদক বিক্রির মাধ্যমে উপার্জিত। মোবাইল ফোন: অপরাধমূলক তথ্য সংবলিত ১টি স্মার্টফোন। আটক ব্যক্তির পরিচয়
আটককৃত মাদক কারবারির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি আমিনবাজার এলাকার মৃত চান মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জহুরুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া আটককৃত জহুরুল হোসেন এবং উদ্ধারকৃত সকল আলামত রাতেই পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা কর্তৃপক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু