প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 5:20 pm || প্রকাশের তারিখ: March 9, 2026, 4:42 pm
নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,কার্ড বিতরণে কোনো প্রকার অনিয়ম বা স্বজনপ্রীতি হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
সোমবার (৯ মার্চ) সকালে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন, "উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রতিটি ওয়ার্ডে কতটি কার্ড দেওয়া হচ্ছে, তা এলাকার মানুষকে জানতে হবে এবং বিষয়টি গণমাধ্যমে প্রচার করতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এ সময় তিনি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনিয়মের বিষয়ে সতর্ক ও কঠোর থাকার নির্দেশ দেন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দলের (জামায়াত, বিএনপি এনসিপি) প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। ইউএনও মাহমুদুল হাসান তার বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ যেন তাদের পাওনা থেকে বঞ্চিত না হয়, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কর্মসূচিতে মোট ৮৭ হাজার ৯৯৫টি কার্ডের বিপরীতে ৮৭৯.৯৫ মে. টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগী পাবেন ৮৩৩.৭ মেট্রিক টন চাল। ৪ হাজার ৬২৫ জন উপকারভোগী পাবেন ৪৬.২৫ মেট্রিক টন চাল। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। প্রকৃত ও অতিদরিদ্র পরিবারের তালিকাভুক্তির ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে: ১. যাদের নিজস্ব কোনো জমি বা ভিটেমাটি নেই। ২. দিনমজুর বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল পরিবার। ৩. উপার্জনক্ষম পুরুষহীন পরিবার। ৪. যেসব পরিবারের স্কুলগামী শিশুকে কাজ করতে হয়। ৫. স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা বা প্রতিবন্ধী প্রধানের পরিবার। ৬. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোগাতে অক্ষম পরিবার।
এবিডি.কম/রাজু