আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: March 16, 2026, 1:31 pm
আশুলিয়ায় এমপির নির্দেশে সওজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কঠোর নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের জায়গা এবং স্থানীয় একটি স্কুল এন্ড কলেজের বেদখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র সড়কের পাশের জায়গা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত জমি অবৈধভাবে দখল করে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সড়ক ও জনপদের জায়গায় গড়ে ওঠা অন্তত অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।স্কুল এন্ড কলেজের সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জমি দখল করে রাখা ব্যক্তিদের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন পুনরায় তারা সেখানে ফিরে না আসে।
অভিযান প্রসঙ্গে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,"জনগণের সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো আপস করা হবে না। সরকারি জমি বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা যারা দখল করবে, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়াকে একটি সুশৃঙ্খল ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"
এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। জমিগুলো উদ্ধার হওয়ায় এখন সেখানে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত জমিগুলো যাতে পুনরায় দখল না হয়, সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে এবং দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম