প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 9:01 pm || প্রকাশের তারিখ: March 19, 2026, 3:31 pm
সাগরদাঁড়ি-কোমরপুর খেয়াঘাট পরিদর্শন করলেন অধ্যাপক মুক্তার আলী এমপি: ব্রিজ নির্মাণের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও কোমরপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো দেখা দিয়েছে। আজ (বৃহস্পতিবার) যশোরের কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ি সংলগ্ন কোমরপুর খেয়াঘাট এলাকাটি সশরীরে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য খেয়াঘাটের বর্তমান জরাজীর্ণ অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ঘাটে যাতায়াতকারী সাধারণ মানুষের দুর্ভোগের কথা শোনেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয়দের সাথে আলাপকালে এমপি মহোদয় তাদের সমস্যার কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
খেয়াঘাট পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় অধ্যাপক মুক্তার আলী এমপি বলেন:"সাগরদাঁড়ি এবং কোমরপুর অঞ্চলের মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য এখানে একটি স্থায়ী ব্রিজ হওয়া অত্যন্ত জরুরি। আমি আপনাদের আশ্বস্ত করছি, এখানে একটি আধুনিক ও টেকসই ব্রিজ নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় দাপ্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাল্লাহ।"
এমপি মহোদয়ের এই সরাসরি পরিদর্শন এবং তড়িৎ আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষি, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ি অঞ্চলের পর্যটন ব্যবস্থাতেও নতুন মাত্রা যোগ হবে। পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু