প্রিন্ট এর তারিখ: September 10, 2026, 6:08 am || প্রকাশের তারিখ: March 31, 2026, 8:24 pm
নিজস্ব প্রতিবেদক।। দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে আকস্মিক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশেষ করে নদী অববাহিকায় চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বিকেলের দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘের সঞ্চার হতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
এবিডি.কম