আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:09 pm || প্রকাশের তারিখ: March 31, 2026, 8:49 pm
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে ছাগল পালন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'ফেইথ ইন এ্যাকশন'-এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা 'ওয়ার্ল্ড রিনিউ'-এর আর্থিক সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় গাবুরার চকবারা প্রোডাকশন সেন্টারে প্রকল্পের আওতাধীন ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের ১৮ জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মশালায় ছাগল পালনের উদ্দেশ্য, অর্থনৈতিক গুরুত্ব এবং আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ওপর বিস্তারিত আলোকপাত করা হয়। বিশেষ করে ছাগলের উন্নত জাত নির্বাচন, স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ, মা ও বাচ্চা ছাগলের বিশেষ যত্ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন রোগবালাই প্রতিরোধে টিকা প্রদানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস বলেন, “ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক পেশা। সঠিক পদ্ধতি অবলম্বন করে ছাগল পালনের মাধ্যমে যে কেউ নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করার জন্য আমি ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি বিকাল ৪টায় সমাপ্ত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল জলবায়ু মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর স্বনির্ভরতা অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম